প্রকাশিত: Fri, Dec 15, 2023 2:42 PM
আপডেট: Thu, Oct 22, 2026 3:50 AM

[১] বগুড়ায় ট্রাক চালক হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার


মো. আইনুর ইসলাম,বগুড়া: [২] বগুড়ার শিবগঞ্জে ট্রাক ড্রাইভার রুবেল হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

[৩] বৃহস্পতিবার রাত পৌনে ১২ টার দিকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তার ওই আসামির নাম মিনহাজুল। তিনি শিবগঞ্জের জাহাঙ্গীরাবাদ চাউলিয়ার বাচ্চু মিয়ার ছেলে।

[৫] প্রাথমিকভাবে আসামি এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

[৬] শুক্রবার বেলা ১২ টার দিকে বগুড়া র‌্যাবের কার্যালয়ে  এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানানো হয়।

[৭] এ আগে বুধবার শিবগঞ্জের চাওলাপাড়া গ্রামে নিজ বাড়িতে ট্রাক ড্রাইভার রুবেল মিয়াকে তার শয়ন কক্ষে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের মা জমিলা বেগম শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

[৮] প্রেস ব্রিফিং এ র‌্যাব জানায়, অভিযোগ পাওয়ার পর র‌্যাবের চৌকশ টিম আসামিদের ধরতে অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় আসামি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকায় আত্মগোপনে রয়েছে। তখন র‌্যাবের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত পৌনে ১২ টার দিকে ওই এলাকা থেকে মামলার প্রধান আসামি মিনহাজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে আসামি।

[৯] র‌্যাবে-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ৩য় একটি পক্ষ রুবেলকে হত্যার বিনিময়ে আসামিকে একটি বাড়ি করে দেওয়ার আশ্বাস দিয়েছিল। আসামীর সাথে নিহতের পূর্বের  পারিবারিক বিরোধের জের ও তৃতীয় পক্ষ থেকে বাড়ির অফার পেয়ে আসামি এই নির্মম হত্যাকাণ্ড ঘটায়।